পাকিস্তানের নিরাপত্তা পদক্ষেপ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করলেন নওয়াজ
https://parstoday.ir/bn/news/world-i20749-পাকিস্তানের_নিরাপত্তা_পদক্ষেপ_নিয়ে_সেনাপ্রধানের_সঙ্গে_আলোচনা_করলেন_নওয়াজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দেশটির নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান বৈরিতার প্রেক্ষাপটে এ আলোচনা হলো।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৭:৩৩ Asia/Dhaka
  • জেনারেল রাহিল শরীফ ও নওয়াজ শরীফ (ডানে)
    জেনারেল রাহিল শরীফ ও নওয়াজ শরীফ (ডানে)

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দেশটির নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান বৈরিতার প্রেক্ষাপটে এ আলোচনা হলো।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি শহরের সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার জোরালো অভিযোগ করেছে ভারত। দুঃসাহসিক এ হামলায় ভারতীয় ১৭ সেনা এবং ৪ গেরিলা নিহত হয়েছে। ভারতীয় পক্ষ থেকে যথাসময়ে পাকিস্তানকে এ হামলার যথাযথ পাল্টা জবাব দেয়া হবে বলে দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে নওয়াজ শরীফ এবং জেনারেল রাহিলের মধ্যে আলোচনা হলো।

পাক প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দেয়া সংক্ষিপ্ত বিবরণীতে এ আলোচনার বিষয়েটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল রাহিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্ক গেছেন নওয়াজ। আজ (বুধবার) আরো পরে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে রক্তপাত বন্ধের বিষয়টি নওয়াজের ভাষণে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২১