এবার রাশিয়ার অভিযোগ: ‘ত্রাণবহরে হামলার সময় সেখানে মার্কিন ড্রোন ছিল’
-
সিরিয়ায় হামলার শিকার জাতিসংঘ ত্রাণবহর
সিরিয়ার আলেপ্পো শহরের কাছে জাতিসংঘের ত্রাণবহর বিধ্বস্তের সময় ওই এলাকার আকাশে আমেরিকার একটি শিকারি ড্রোন ছিল বলে রাশিয়া জানিয়েছে।
রুশ সামরিক মুখপাত্র ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, “১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই এলাকার আকাশে ৩,৬০০ মিটার উঁচুতে একটি ড্রোন ছিল যার গতি ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার। ত্রাণবহর বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের ড্রোনটি ওরাম আল-কুবরা শহরের ওপর দিয়ে ওই এলাকায় ঢুকেছে এবং বিস্ফোরণের ৩০ মিনিট পর এলাকা ছেড়ে চলে যায়।”
ত্রাণবহর বিধস্ত হওয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোনকে রাশিয়া সরাসরি দায়ী করছে না তবে ওই ড্রোন এ ধরনের নিখুঁত হামলা চালাতে সক্ষম বলে উল্লেখ করেছে।
গত সোমবার জাতিসংঘ ত্রাণবহরে হামলা নিয়ে রাশিয়া ও আমেরিকা বাগযুদ্ধে লিপ্ত হয়েছে। আমেরিকা সরাসরি রাশিয়াকে হামলার জন্য দায়ী করেছে। তবে রাশিয়া বলছে, তারা এ ধরনের হামলা চালায় নি, এমনকি ওই এলাকায় সে সময় রাশিয়ার কোনো বিমান ছিল না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১