যৌথ মহড়া হচ্ছে: রুশ সেনারা এখন পাকিস্তানে
https://parstoday.ir/bn/news/world-i20959-যৌথ_মহড়া_হচ্ছে_রুশ_সেনারা_এখন_পাকিস্তানে
প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় যোগ দিতে আজ (শুক্রবার) পাকিস্তানে পৌঁছেছে রাশিয়ার সেনারা। দেশটিতে ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে তারা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১২:৫৩ Asia/Dhaka
  • সামরিক পরিবহন বিমান থেকে নামছে রুশ সেনারা
    সামরিক পরিবহন বিমান থেকে নামছে রুশ সেনারা

প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় যোগ দিতে আজ (শুক্রবার) পাকিস্তানে পৌঁছেছে রাশিয়ার সেনারা। দেশটিতে ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে তারা।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া টুইটার বার্তায় জানিয়েছেন, “দু সপ্তাহব্যাপী পাক-রাশিয়া যৌথ মহড়ায় যোগ দিতে প্রথমবারের মতো রুশ পদাতিক বাহিনীর একটি দল পাকিস্তানে পৌঁছেছে।”

যৌথ এ মহড়াকে দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্নায়ুযুদ্ধের সময় থেকে কয়েক দশক ধরে দুদেশের মধ্যে ‘মরিচা পড়া’ দ্বিপক্ষীয় সম্পর্ক আবার দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে এ মহড়া।

কাশ্মিরের উরি সেনা ঘাঁটিতে হামলার সূত্র ধরে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছিল- পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিল করছে রাশিয়া। কিন্তু রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত কাজি খলিলউল্লাহ গত সোমবার তা অস্বীকার করেন। খলিলউল্লাহ জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই পাক-রুশ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

স্নায়ুযুদ্ধের সময়কার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথমবারের মতো ‘ফ্রেন্ডশিপ-২০১৬’ নামের যৌথ সামরিক মহড়া চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। দু পক্ষ থেকে প্রায় ২০০ সেনা এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

দু দেশের মধ্যে আরো বেশি সহযোগিতার প্রতিফলন ঘটছে এই মহড়ায়। পাক রাষ্ট্রদূত খলিলউল্লাহ রুশ সংবাদমাধ্যমকে জানান, “এ মহড়া প্রতিরক্ষা এবং সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে দু পক্ষের আগ্রহের বিষয়ে জোরালো ইঙ্গিত দিচ্ছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩