পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে: সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i20986-পাকিস্তানের_প্রতি_ইঞ্চি_ভূমি_রক্ষা_করা_হবে_সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার দেশের সামরিক বাহিনী যেকোনো কিছুর বিনিময়ে মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে। পাকিস্তানের বিরুদ্ধে হামলার বিষয়ে ভারতের রাজনীতিবিদ ও সামরিক নেতাদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে জেনারেল রাহিল এ কথা বললেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৫:১৮ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ (বামে)
    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ (বামে)

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার দেশের সামরিক বাহিনী যেকোনো কিছুর বিনিময়ে মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে। পাকিস্তানের বিরুদ্ধে হামলার বিষয়ে ভারতের রাজনীতিবিদ ও সামরিক নেতাদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে জেনারেল রাহিল এ কথা বললেন।

তিনি বলেছেন, “এতে কোনো সন্দেহ নেই যে, আমাদের পরাক্রমশালী সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম এবং যাইহোক না কেন, পুরো জাতির সমর্থন নিয়ে আমরা আামদের প্রিয় দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করব ইনশাল্লাহ।”

পাঞ্জাব প্রদেশের খাইরানে জাতীয় সন্ত্রাসবাদ-বিরোধী কেন্দ্রে আজ (শুক্রবার) এক সেনা সমাবেশে দেয়া বক্তৃতায় এ কথা বলেন জেনারেল রাহিল। তিনি বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান ব্যাপকভাবে সন্ত্রাসবাদের শিকার এবং অনেক বেশি ত্যাগস্বীকার করেছে তবে পুরো জাতি ও আমাদের পেশাদার নিরাপত্তা বাহিনীর সহায়তায় আমরা সন্ত্রাসবাদের সে জোয়ারকে প্রাথমিক পর্যায়ে মোকাবেলা করতে সক্ষম হয়েছি।”

নতুন প্রতিষ্ঠা করা এ কেন্দ্রে দেশি-বিদেশি সেনাসদস্য ও কর্মকর্তারা প্রশিক্ষণ নিতে পারবেন। এরইমধ্যে সেখানে বহু সেনা প্রশিক্ষণ নিয়েছেন বলে জানান পাকিস্তানের স্ট্রাইক কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওমর ফারুক দুররানি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩