কাশ্মির ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করলেন ইমরান খান
-
বক্তব্য রাখছেন ইমরান খান
পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, কাশ্মির সংকটের ইস্যুতে পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের প্রতি তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
গতকাল (শুক্রবার) ইমরান খান বলেন, “যখন কোনো জাতি স্বাধীন হতে চায় তখন ট্যাংক ও বন্দুক দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না।” রাওয়ালপিন্ডির একটি সংসদীয় আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। আগামী সোমবার এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
ইমরান খান বলেন, “সেনাবাহিনী দিয়ে কী কোনো জাতিকে ক্রীতদাসে পরিণত করা যায়? যদি তাই হতো তাহলে আমেরিকা আফগান জাতিকে ক্রীতদাসে পরিণত করত।” এ সময় তিনি কাশ্মির ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করেন।
তিনি আরো বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর দেশের উন্নতি নির্ভর করে। কিন্তু দুর্নীতি হচ্ছে যেকোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন দুর্নীতি প্রাতিষ্ঠানিকীকরণ হবে তখন বিনিয়োগকারীরা পাকিস্তান থেকে বিনিয়োগের জন্য বাংলাদেশে চলে যাবেন। নওয়াজ শরীফের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন, “সম্পদশালী ব্যক্তির জন্য পাকিস্তানে যা খুশি তাই করা সম্ভব। পানামা লিকসের মাধ্যমে নওয়াজ শরীফ দুর্নীতির বিষয়ে হাতেনাতে ধরা পড়ার পরও সুপ্রিম কোর্ট এ মামলাকে বড় কিছু নয় বলে মন্তব্য করেছে। আসলে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান থেকে এখন আমাদের পক্ষে ন্যায়বিচার পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪