পাকিস্তানি তালেবান কমান্ডারকে হত্যা করল আফগান সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i21199-পাকিস্তানি_তালেবান_কমান্ডারকে_হত্যা_করল_আফগান_সেনাবাহিনী
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এক অভিযানে পাকিস্তানের একজন প্রভাবশালী তালেবান কমান্ডারকে হত্যা করেছে। দু’দেশের সীমান্ত এলাকায় চালানো ওই অভিযানে আরো অন্তত ১০ তালেবান নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ০৩:২৫ Asia/Dhaka
  • অভিযানে যাচ্ছে আফগান সেনা সদস্যরা (ফাইল ছবি)
    অভিযানে যাচ্ছে আফগান সেনা সদস্যরা (ফাইল ছবি)

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এক অভিযানে পাকিস্তানের একজন প্রভাবশালী তালেবান কমান্ডারকে হত্যা করেছে। দু’দেশের সীমান্ত এলাকায় চালানো ওই অভিযানে আরো অন্তত ১০ তালেবান নিহত হয়েছে।

তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র একটি সূত্র জানিয়েছে,  এই গোষ্ঠীর চতুর্থ শীর্ষ কমান্ডার রাইস খান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের লামান এলাকায় নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলের কাছে লামান এলাকাটি অবস্থিত। রাইস খান টিটিপি’তে তারিক আজম খান নামেও পরিচিত ছিলেন।

তারিকের অনুগত একজন তালেবান নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “পাকতিকা প্রদেশে ১০ সহযোদ্ধাসহ আজম তারিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করছি আমি।”  

এক সময় সাবেক  টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদের মুখপাত্র হিসেবে কাজ করতেন নিহত তারিক। ২০১৩ সালে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

আফগানিস্তানে একজন তালেবান কমান্ডারের নিহত হওয়ার খবর এল যখন দেশটিতে পালিয়ে থাকা তালেবান প্রধান মওলানা ফজলুল্লাহকে ইসলামাবাদের কাছে হস্তান্তর করার জন্য কাবুলের কাছে আহ্বান জানাচ্ছে পাকিস্তান। ফজলুল্লাহ পূর্ব আফগানিস্তানের সোয়াত উপত্যকায় পালিয়ে আছেন বলে ব্যাপকভাবে মনে করা হয়। আফগানিস্তান ও পাকিস্তানে তালেবান সন্ত্রাস ছড়িয়ে পড়ার জন্য পরস্পরকে দায়ী করে ইসলামাবাদ ও কাবুল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬