‘পাক-চীন সীমান্তে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধবিমান মোতায়েন করবে ভারত’
ভারত পরমাণু বোমা বহনে সক্ষম র্যাফেল যুদ্ধবিমান চীন এবং পাকিস্তানের বিরোধপূর্ণ সীমান্তে মোতায়েন করবে। চীনা দৈনিকের বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র আজ(শুক্রবার) এ খবর দিয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পূর্বাভাস দিল চীনা দৈনিকটি।
চীনের গ্লোবাল টাইমসে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ফ্রান্সের তৈরি র্যাফেল যুদ্ধবিমানের মোতায়েনে ভারতের পরমাণু প্রতিরক্ষা সক্ষমতা আরো জোরদার হবে।
সম্প্রতি ৮৮২ কোটি ডলার দিয়ে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি র্যাফেল যুদ্ধবিমান কিনেছে ভারত। চীনের শেনজেন টেলিভিশনে প্রকাশিত খবরের বরাত দিয়ে চীনা দৈনিক বলেছে, ফ্রান্সে নির্মিত যুদ্ধবিমানগুলো চীন-পাকিস্তান বিরোধপূর্ণ সীমান্তের কাছে মোতায়েন করবে ভারত।
‘এশিয়া আর্মস ইমপোর্ট অন দ্যা রাইজ অ্যাজ ইন্ডিয়া বাইস নিউ জেটস’ বা ভারতের নতুন জেট কেনার মধ্য দিয়ে এশিয়ায় অস্ত্র আমদানি বাড়ছে শীর্ষক নিবন্ধে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, চীনের কথিত হুমকিকে বড় করে তুলে ধরে ব্যাপক হারে অস্ত্র কিনছে ভারত। পরিণামে এশিয়ায় ওয়াশিংটনের অস্ত্র রফতানি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআইপিআরআই’এর বক্তব্য তুলে ধরা হয়েছে চীনা দৈনিকটির নিবন্ধে। এসআইপিআরআই বলেছে, বিশ্বে সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত। ভারত দ্রুত নিজ সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা খাতে দশ হাজার কোটি ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করেছে।
ভারতের সামরিক ক্ষমতা বৃদ্ধির বিষয়টি চীন ও পাকিস্তান উভয় দেশের জন্যেই হয়ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে গ্লোবাল টাইমস।#
পার্সটুডে/মূসা রেজা/৩০