সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i21619-সার্ক_শীর্ষ_সম্মেলন_স্থগিত_করল_পাকিস্তান
শেষ পর্যন্ত দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটান যোগ দিতে অস্বীকার করায় পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ২৩:২৯ Asia/Dhaka
  • সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করল পাকিস্তান

শেষ পর্যন্ত দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটান যোগ দিতে অস্বীকার করায় পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, “সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে বাধা দেয়ার বিষয়ে ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।”

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে আরো বলেছে, “শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল কিন্তু ভারতের বাধার কারণে তা স্থগিত করা হচ্ছে।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি আঞ্চলিক দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, উরি সেনাঘাঁটিতে হামলার বিষয়ে ভারত ভিত্তিহীন ধারণার ওপর ভর করে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় নৃশংসতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার ব্যর্থ প্রচেষ্টা।”

নেপালের মাধ্যমে শিগগিরি সার্ক শীর্ষ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সার্কের আটটি সদস্য দেশ হচ্ছে- পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও ভুটান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১