সিপিইসি-তে ইরানের যোগদানকে স্বাগত জানাবে পাকিস্তান
-
ফাইল ফটো
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসিতে ইরানের যোগদানকে স্বাগত জানাবে ইসলামাবাদ। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন পাক পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কারমন্ত্রী আহসান ইকবাল। তিনি বলেছেন, কয়েকটি আরব দেশও সিপিইসি-তে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং এটি একটি ভালো পদক্ষেপ।
তিনি বলেন, “সিপিইসির অংশ হতে চাইলে মুসলিম দেশগুলোকে আমরা স্বাগত জানাব।” এছাড়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চালু করা কয়েকশ কোটি ডলারের বিশাল বন্দর তৈরির প্রকল্পটিতে যেকোনো বন্ধু দেশকেই স্বাগত জানানো হবে এবং পাকিস্তান এসব দেশকে মূল্যায়ন করবে।
আহসান ইকবাল বলেন, “সিপিইসি একটি আন্তঃআঞ্চলিক প্রকল্প যা উন্নত আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলকে উপকৃত করবে এবং পুরো অঞ্চল একীভূতকরণের একটি মাধ্যম হিসেবে ভূমিকা পালন করবে।” অবকাঠামো উন্নয়ন, গোয়াদার বন্দর, জ্বালানি ও শিল্প সহযোগিতাকে সামনে রেখে ১৫ বছরব্যাপী এই প্রকল্প শুরু হয়েছে। ২০৩০ সালে দীর্ঘ এ প্রকল্পের কাজ শেষ হবে।
আহসান ইকবাল জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের পশ্চিম অংশে গোয়াদার থেকে কোয়েটা পর্যন্ত দীর্ঘ ৬৫০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শেষ হবে। এই রুট কার্যকর হলে গোয়াদার বন্দর শুধু কোয়েটার সঙ্গে নয়, আফগানিস্তানের সঙ্গেও যুক্ত হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১