পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ ভারতকে যা বলেছেন
-
লাহোর গ্যারিসন একাডেমির জুনিয়র ক্যাম্পাসের উদ্বোধনের পর শিশুদের সঙ্গে জেনারেল রাহিল শরীফ
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ ভারতের প্রতি ইঙ্গিত করে বলেছেন, “আমাদের প্রতিপক্ষ কোনো দুর্ঘটনা ঘটালে পাকিস্তানের পক্ষ থেকে এর উপযুক্ত জবাব দেয়া হবে।” লাহোর গ্যারিসনের কাছে স্থাপিত ‘কমব্যাট রিঅ্যাকশন ট্রেইনিং ফ্যাসিলিট’ পরিদর্শনের সময় গতকাল (শুক্রবার) তিনি এ কথা বলেন।
জেনারেল রাহিল জানিয়েছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হয়েছে। পাশাপাশি তিনি সেনাবাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতের কথিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’র পর পাক-ভারত উত্তেজনা তুঙ্গে উঠেছে। এর মধ্যে জেনারেল শরীফের এই বক্তব্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। অবশ্য, সার্জিক্যাল স্ট্রাইকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, সেনাপ্রধান সব বাহিনীর কমান্ডারকে যুদ্ধ-প্রস্তুতিতে আরো গুরুত্ব দিতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে শান্তিকালীন প্রশিক্ষণই হবে যুদ্ধে জেতার একমাত্র নিশ্চয়তা।
এর আগে, লাহোর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাদিক আলীর সঙ্গে রাহিল শরীফ লাহোর গ্যারিসন একাডেমির জুনিয়র ক্যাম্পাসের উদ্বোধন করেন এবং এর প্রথম অধিবেশনে অংশ নেন। এই স্কুলেই জেনারেল শরীফ ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পড়াশোনা করেছেন। সে কারণে গতকালের এ অনুষ্ঠান ছিল তার জন্য বিশেষ কিছু।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১