সিরিয়ার সরকার ও সেনাদের ওপর হামলা করবেন না: আমেরিকাকে রাশিয়া
-
মারিয়া জাকারোভা
সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর ওপর সরাসরি যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের হামলার ফলে পরিস্থিতি ভংয়কর হয়ে উঠবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা শনিবার এ হুঁশিয়ার উচ্চারণ করেছেন। সিরিয়ার আলেপ্পো শহরে দেশটির সামরিক বাহিনীর চলমান অভিযানের বিরুদ্ধে সামরিক হামলাসহ ওয়াশিংটন কড়া জবাবের বিষয়ে চিন্তা করছে বলে মার্কিন কর্মকর্তারা ঘোষণা দেয়ার পর মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ থেকে আলেপ্পো শহরকে মুক্ত করার জন্য সিরিয়ার সরকার যে অভিযান চালাচ্ছে তার প্রতি সমর্থন দিচ্ছে রাশিয়া। অন্যদিকে সিরিয়ায় সরকার উৎখাতের তৎপরতায় লিপ্ত কথিত উদারপন্থি সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে আমেরিকা। তবে রাশিয়া বলছে, উদারপন্থি নাম ধরে মূলত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শাম এবং আইএসআইএল বা দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা চালাচ্ছে। আমেরিকা কথিত উদারপন্থিদেরকে উগ্র সন্ত্রাসীদের থেকে আলাদা করতে ব্যর্থ হয়েছে।
বর্তমানে আলেপ্পো মুক্তি অভিযানের গতি বেড়েছে। এ অবস্থায় সিরিয়ার সেনাদের ওপর সরাসরি হামলার ইঙ্গিত দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। গত সপ্তাহে মিডল ইস্ট আই নামে একটি নিউজ পোর্টাল সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলেপ্পোর পতন ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও সতর্ক করে বলেছে, আলেপ্পোয় সিরিয় সেনাদের অভিযান বন্ধ করতে রাশিয়া যদি উদ্যোগ না নেয় তাহলে দ্বিপক্ষীয় সহযোগিতা বন্ধ করে দেবে আমেরিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২