সৌদি পুলিশের সঙ্গে কথাকাটাকাটির পর পাকিস্তানি হাজি নিখোঁজ
-
নিখোঁজ আবদুল গফুর খান
চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন পাকিস্তানের ৮০ বছরের এক বৃদ্ধ। মদিনার মসজিদে নববী থেকে ছয় সপ্তাহ আগে তিনি নিখোঁজ হয়েছেন। তার সঙ্গের হাজিরা ও পরিবারের লোকজন সন্দেহ করছেন যে, তিনি হয়ত সৌদি পুলিশের হাতে আটক রয়েছেন।
খায়বার-পাখতুনখোয়ার চরসাদ্দা এলাকার অধিবাসী আবদুল গফুর খান মদিনা থেকে ১৯ আগস্ট নিখোঁজ হন। তার সঙ্গের হাজিরা ও পরিবারের লোকজন জানিয়েছেন, সৌদি পুলিশের সঙ্গে বিবাদের পর ৮০ বছরের অশীতিপর এ বৃদ্ধ নিখোঁজ হন। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন খবরটি দিয়েছে।
পুলিশের সঙ্গে বিবাদের ছয় দিন পর ২৫ আগস্ট সৌদি আরবে পাকিস্তানের হজ মিশন গফুর খানের পরিবারকে জানায় যে, ওই বৃদ্ধকে তার সঙ্গের হজযাত্রীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। কিন্তু পরে অন্য হজযাত্রীরা তা অস্বীকার করেন এবং তারা শনিবার পাকিস্তানে ফিরলেও আবদুল গফুর খান তাদের সঙ্গে নেই।
এদিকে, পাকিস্তানের হজ বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, তারা সৌদি পুলিশ, হাসপাতাল ও কারা কর্তৃপক্ষরে সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু গফুর খানের সন্ধান করতে পারেন নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২