পাকিস্তানে শিয়া মুসলমানদের বহনকারী বাসে হামলা: ৪ নারী নিহত
-
নিহত নারীদের লাশ হাসপাতালে নেয়ার দৃশ্য (কোয়েটা ৪ অক্টোবর, ২০১৬)
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শিয়া মুসলমানদের বহনকারী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত চার নারী নিহত হয়েছে। কোয়েটার ‘পুড গালি চক’ এলাকায় মঙ্গলবার রাতে চালানো এ হামলায় আহত হয়েছে শিয়া হাজারা জনগোষ্ঠীর আরো দুই ব্যক্তি।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার জানিয়েছেন, “জাতিগত পরিচয়ের কারণেই বাসটি থামিয়ে এর আরোহীদের ওপর গুলিবর্ষণ করা হয়।”
কোয়েটা পুলিশের ডিজি (অপারেশন্স) শিয়া মুসলমানদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাজহাবগত কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে। শিয়া হাজারা অধ্যুষিত একটি এলাকায় যাওয়ার পথে বাসটিতে হামলা চালানো হয় বলে তিনি জানিয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি এ হামলার নিন্দা জানিয়েছেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে বেলুচিস্তান প্রদেশে প্রায়ই এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। গত ১৫ বছরে শিয়া হাজারা সম্প্রদায়ের ওপরই অন্তত ১,৪০০টি হামলা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫