১ দিনে ২৫ হাজার রাউন্ড গুলি ছুঁড়েছে ভারত: পাকিস্তানের অভিযোগ
-
লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া
সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনারা একদিনেই ২৫ হাজার রাউন্ড গুলি ছুঁড়েছে। গত বুধবার এসব গুলির ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আএসপিআর’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া অভিযোগ করেছেন।
চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় সেনারা ক্ষুদ্রাস্ত্র, মেশিনগান ও মর্টার ব্যবহার করেছে। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে ভারতীয় সেনারা সীমান্তে গোলাগুলি বাড়িয়ে দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতির অবনতি ঘটবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে বাগাড়ম্বর, বিবৃতি ও নানারকমের ঘোষণা আসা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে জেনারেল আসিম বাজওয়া মন্তব্য করেন।
তিনি জানান, গত এক সপ্তাহে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছে। এছাড়া, আটজন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর সীমান্তে উত্তেজনা দেখা দেয়ার পর এই প্রথম জেনারেল বাজওয়া বিদেশী কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন।
সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত করার জন্য তিনি ভারতকে সরাসরি দায়ী করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তানি সেনারা প্রস্তুত রয়েছে বলে জানান। অবশ্য, পাকিস্তান ও ভারতের ডিরেক্টর জেনারেল অব দ্যা মিলিটারি অপারেশন্স বা ডিজিএমও’র মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন বাজওয়া। তিনি শিনহুয়ার কাছে জোরালো ভাষায় দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনীর বড় বড় অভিযানের কারণে এখন আর দেশটির মাটিতে সন্ত্রাসীদের কোনো গোপন ঘাঁটি নেই। তিনি জানান, এ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ২২,০০০ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযোনে হাজার হাজার সন্ত্রাসী হতাহত ও আটক হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭