ভারত একা 'সিন্ধু চুক্তি' বাতিল করতে পারে না: পাকিস্তান
-
সিন্ধু বাঁধ (ফাইল ফটো)
সিন্ধু নদীর পানি চুক্তি ভারত একতরফাভাবে বাতিল কিংবা পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া।
তিনি গতকাল (বৃহস্পতিবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে চুক্তির বিভিন্ন ধারা উল্লেখ বলেছেন, “সিন্ধু নদীর পানি বন্টন সংক্রান্ত এ চুক্তি কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য হয় নি এবং এ চুক্তিকে কোনো সময় বা ঘটনার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। চুক্তি মেনে চলা ভারত-পাকিস্তান সবার জন্য বাধ্যতামূলক এবং এ থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।” তিনি জানান, পাকিস্তান নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুসারে ইসলামাবাদ জবাব দেবে।
এদিকে, পাকিস্তান জাতীয় পরিষদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ‘পানি-কূটনীতি’ শুরুর আহ্বান জানিয়েছে। ৫৬ বছর আগে করা ‘সিন্ধু চুক্তি’ বতিলের বিষয়ে ভারতের হুমকির পর পাকিস্তানের সংসদীয় কমিটি এ আহ্বান জানাল। পাশাপাশি ভারত যদি এ চুক্তি বাতিল করে তাহলে পরিস্থিতি মোকাবেলায় কী ব্যবস্থা নেয়া হবে সে সম্পর্কেও বিস্তারিত পরিকল্পনা গ্রহণের কথা বলেছে এ কমিটি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭