দুই শতাব্দী পর সামরিক জোট গঠন করছে ব্রিটেন এবং জার্মানি
-
ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার
জার্মানি এবং ব্রিটেন সামরিক জোট গঠনের পরিকল্পনা করছে। এ পরিকল্পনার ভিত্তিতে জার্মান নৌবাহিনীর জাহাজে মোতায়েন করা হবে ব্রিটিশ হেলিকপ্টার। দুই শতাব্দীরও বেশি সময়ে পরে সাবেক বৈরী দেশ দু’টি সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন এ পরিকল্পনার ঘোষণা দিয়ে বলেছেন, ভূমধ্যসাগরে জার্মান রণতরীতে ব্রিটেনের নতুন ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার মোতায়েন করা হবে। আগামী বছর সামরিক মহড়ার জন্য এটি করা হবে বলে জানান তিনি।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরুসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকে ফ্যালান এ পরিকল্পনা ঘোষণা করেন। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও ইউরোপের নিরাপত্তার প্রতি ব্রিটেনের প্রতিশ্রুতি বজায় থাকবে। এ ছাড়া, ন্যাটো সামরিক জোটের নেতৃস্থানীয় সদস্য হিসেবে ব্রিটেন থাকবে এবং ব্রিটেনের প্রতিরক্ষা নীতির ভিত্তিও হিসেবে থাকবে এটি।
বিশ্বযুদ্ধে দেশ দুইটি পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ৭০ বছর পর এ সামরিক জোট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া, দুই জার্মানি এক হওয়ার ২৬ বছর পর এ পদক্ষেপ নেয়া হলো।
অবশ্য ১৮১৫ সালে ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধে ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের বাহিনীকে পরাস্ত করার লক্ষ্যে গঠিত বহুজাতিক বাহিনীতে অংশ গ্রহণ করেছিল ব্রিটেন এবং জার্মানি। তার দুইশ’ এক বছর পর আবার নতুন করে সামরিক জোট গঠনের পরিকল্পনা করছে দেশ দু’টি।#
পার্সটুডে/মূসা রেজা/৯