‘ভারত সীমান্তে যুদ্ধ-প্রস্তুতি দেখে সন্তুষ্ট পাক সেনাপ্রধান’
-
হাজি পীর সেক্টর ঘুরে দেখার সময় সেনাদের সঙ্গে করমর্দন করেন জেনারেল রাহিল শরীফ (বামে)
ভারত সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাদের যুদ্ধ-প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। আজ (রোববার) তিনি সীমান্তের হাজি পীর সেক্টর ঘুরে দেখে এই সন্তুষ্টি প্রকাশ করেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদ্প্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাদের উঁচু নৈতিক মনোবল, যুদ্ধ-প্রস্তুতি এবং সীমান্তে নজরদারির ব্যবস্থা দেখে সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ তার পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন। হাজি পীর সেক্টর ঘুরে দেখার সময় জেনারেল রাহিলকে স্থানীয় কমান্ডাররা সেনাদের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। এর আগে, জেনারেল রাহিল শরীফ হাজি পীর সেক্টরে পৌঁছালে তাকে স্বাগত জানান কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মালিক জাফর ইকবাল।
পাঞ্জাব রেঞ্জার্সের সদরদপ্তর ঘুরে দেখার দু দিন পর জেনারেল রাহিল সীমান্তের পীর হাজি সেক্টর ঘুরে দেখলেন। গত বৃহস্পতিবার পাক সেনাপ্রধান সুস্পষ্ট করে বলেছেন, তার সেনারা যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন সে কারণে শত্রুর আগ্রাসন কোনোমতেই বিনা শাস্তিতে পার পাবে না।#