‘বিশ্বের কোনো শক্তি কাশ্মিরের প্রতি পাকিস্তানের সমর্থন বন্ধ করতে পারবে না’
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, বিশ্বের এমন কোনো শক্তি নেই যা কাশ্মিরের জনগণের সংগ্রামের প্রতি পাকিস্তানের সমর্থন দেয়া বন্ধ করতে পারে। তিনি আজ (সোমবার) ক্ষমতাসীন পাক্স্তিান মুসলিম লীগ-এন’র কেন্দ্রীয় কার্য কমিটির সভায় এ কথা বলেছেন।
তিনি তার ভাষায় বলেন, “কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামকে যদি ভারত সন্ত্রাসী তৎপরতার সঙ্গে মিলিয়ে ফেলতে চায় তাহলে তারা ভুল করবে।” কশ্মিরের জনগণের প্রতি সমর্থন দিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মিরের জনপ্রিয় গেরিলা নেতা বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার পর সৃষ্ট প্রতিবাদ-বিক্ষোভের পর এ পর্যন্ত ১০০ জনেরও বেশি কাশ্মিরি নাগরিক নিহত হয়েছে। কাশ্মিরের এ পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
আজকের সভায় নওয়াজ শরীফ আরো বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির প্রকল্প বাস্তায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে বেলুচিস্তানের মানুষ। তিনি জানান, থার এলাকায় একটি কয়লাভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে যা ২০১৮ সালের মধ্যে শেষ হবে এবং তখন সেখান থেকে জাতীয় গ্রিডে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০