পরমাণু বিদুৎ কেন্দ্রে সাইবার হামলা নিয়ে প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন আমানো
https://parstoday.ir/bn/news/world-i22684-পরমাণু_বিদুৎ_কেন্দ্রে_সাইবার_হামলা_নিয়ে_প্রকাশ্য_হুঁশিয়ারি_দিলেন_আমানো
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক সাইবার হামলার মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানো। জার্মানি সফরকালে বার্তা সংস্থা রয়টার্স এবং দেশটির একটি দৈনিককে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৬ ১৯:২৪ Asia/Dhaka
  • পরমাণু বিদুৎ কেন্দ্রে সাইবার হামলা নিয়ে প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন আমানো

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক সাইবার হামলার মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ইউকিয়া আমানো। জার্মানি সফরকালে বার্তা সংস্থা রয়টার্স এবং দেশটির একটি দৈনিককে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোনো কাল্পনিক ঝুঁকির কথা বলা হচ্ছে না। পরমাণু স্থাপনা বা পরমাণু তৎপরতায় সাইবার হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া উচিত বলে জানান তিনি।

দুই থেকে তিন বছর আগে একটি পরমাণু স্থাপনা সাইবার হামলার শিকার হয়েছিল বলে জানান তিনি। এ ছাড়া, চার বছর আগে আরেকটি ক্ষেত্রে অন্য আরেক পরমাণু স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পাচারের চেষ্টা করেছিল এক ব্যক্তি। কথিত ডার্টি বোমা বানানোর জন্য অল্প পরিমাণে ইউরেনিয়াম পাচারের এ চেষ্টা চালানো হয়েছিল বলে জানান তিনি। 

এ দুই ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে অস্বীকার করেন  তিনি। অবশ্য তিনি বলেন, সাইবার হামলায় ওই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হয়  নি তবে কাজে ব্যাঘাত ঘটেছিল। তিনি আরো বলেন, এর আগে সাইবার হামলা নিয়ে প্রকাশ্য কোনো হুঁশিয়ারি তার পক্ষ থেকে দেয়া হয় নি।

এদিকে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে  সাইবার হামলার ঝুঁকি নিয়ে গত বছর ব্রিটেনের থিংক ট্যাংক চ্যাথাম হাউজ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এ জাতীয় হামলার মোকাবেলায় বিশ্বের বেশির ভাগ দেশরই কোনো  প্রস্তুতে নেই।

ছোট মাপের সাইবার হামলার মধ্য দিয়ে স্থানীয় ভাবে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী বিকিরণ। এতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করা হয় প্রতিবেদনে।

বিশ্বের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা ১৮ মাসব্যাপী খতিয়ে দেখেছে চ্যাথাম হাউজ। এ সময়ে বিশ্বব্যাপী ৫০ দফা সাইবার হামলার ঘটনা ঘটছে । তার মধ্যে হাতে গোণা কয়েকটি মাত্র প্রকাশ করা হয়েছে বলে জানায় চ্যাথাম হাউজ ।#

পার্সটুডে/মূসা রেজা/১১