‘ব্রিকস’ সম্মেলনের পর পাক-ভারত উত্তেজনা কমবে: চীনের আশাবাদ
-
ফাইল ফটো
ভারতে অনুষ্ঠেয় ‘ব্রিকস’ শীর্ষ বৈঠকের পর পাক-ভারত উত্তেজনা কমে যাবে বলে চীন আশা প্রকাশ করেছে। পরমাণু অস্ত্রধর দেশ দু’টির মধ্যে বেইজিং সমঝোতার চেষ্টা করবে বলেও আশ্বাস দিয়েছে।
বিশ্বের উদীয়মান নতুন অর্থনৈতিক শক্তি চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দফতরের প্রধান শিয়াও কিয়ান বলেছেন, কাশ্মির ইস্যুতে পাক-ভারত উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের সিনিয়র সাংবাদিকদের একটি প্রতিনিধিদলকে তিনি বলেন, দু’ দেশের মধ্যে বিরাজমান ‘তিক্ত বিতর্ক’ সংলাপের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।
চীনের এ কূটনীতিক আরো বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যকার টানাপড়েন কমিয়ে দু’টি দেশের সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টা চালাবে চীন। এছাড়া, ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে পাকিস্তানের ‘প্রতিশ্রুতি’কে চীন স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তিনি।
চলতি মাসের ১৫ এবং ১৬ তারিখে ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গোয়াতে অনুষ্ঠিত হবে অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এতে যোগ দেবেন। সম্মেলনের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১২