ভারতীয় ‘সার্জিক্যাল স্ট্রাইক'র দাবি আবারো নাকচ করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i22774-ভারতীয়_সার্জিক্যাল_স্ট্রাইক'র_দাবি_আবারো_নাকচ_করল_পাকিস্তান
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে বলে ভারত যে দাবি করে আসছে পাকিস্তান আজ (বুধবার) আবারো তা নাকচ করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ১৮:৪১ Asia/Dhaka
  • ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত
    ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভেতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে বলে ভারত যে দাবি করে আসছে পাকিস্তান আজ (বুধবার) আবারো তা নাকচ করে দিয়েছে।

গত মাসের ১৮ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার জবাবে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করেছে ভারত। ওই হামলায় ভারতের ১৮ সেনা নিহত হয়েছিল।

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি নাকচ করেন। তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাই বলা হোক না কেন, এ ধরনের অভিযান চালানো হয় নি বলেই পাকিস্তান সরকার মনে করে। না হলে তাৎক্ষণিকভাবেই পাকিস্তান এর জবাব দিত বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ওই অভিযানকে ভারত নাম দেয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’। এতে বহু সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি।তবে, ভারতের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান।#

পার্সটুডে/মূসা রেজা/১২