উত্তেজনার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
-
ফাইল ফটো
আন্তঃমহাদেশীয় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আমেরিকার সঙ্গে যখন রাশিয়ার বিভিন্ন বিষয়ে বিশেষ করে সিরিয়া ইস্যুতে সম্পর্কের মারাত্মক টানাপড়েন চলছে তখন এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) বলেছে, প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি সাবমেরিন থেকে রুশ বাহিনী পরমাণু বোমা বহনে সক্ষম একটি রকেট নিক্ষেপ করে। জাপানের উত্তরে অখস্তোক এলাকায় গিয়ে এটি আঘাত হানে।
এরপর ব্যারেন্ট সাগরে অবস্থানরত সাবমেরিন থেকে একটি তোপোল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আর তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি দ্বীপ থেকে।
এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশের সামরিক মহড়াকে বিশ্ববাসীর সামনে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। তবে এসব মহড়া উদ্বেগের কোনো কারণ নয় বরং নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ। রাজধানী মস্কোয় আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১