‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়নি তাই ভিডিও নিয়ে পাকিস্তান উদ্বিগ্ন নয়: পাক হাইকমিশনার
-
ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আব্দুল বাসিত
ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়নি বলে ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আব্দুল বাসিত মন্তব্য করেছেন। বুধবার ভারতের বেসরকারি হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওই দাবি করেন।
সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ই হয়নি তাই পাকিস্তান এর ভিডিও নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। যদি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হতো তাহলে পাকিস্তান কঠোরভাবে এর জবাব দিত।’
তিনি একে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নয়, বরং এটা ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ ছিল বলে মন্তব্য করেন।
গণমাধ্যমে আসা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চান না বলেও পাক হাই কমিশনার আব্দুল বাসিত জানান।
পাকিস্তানের সিনিয়র পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিশ্চিত করা টেপ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বাসিত বলেন, এটা সাজানো কথা। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণকেও তিনি সাজানো বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি পাক সামরিক বিশ্লেষক আয়েশা সিদ্দিকার দাবিকেও সরাসরি নাকচ করে দিয়েছেন।
পাকিস্তানে সার্ক সম্মেলন বন্ধ হওয়া প্রসঙ্গে বাসিত বলেন, ‘সার্ক সম্মেলন স্থগিত হয়েছে, বাতিল হয়নি। পাকিস্তান ভবিষ্যতে সার্ক সম্মেলনের আয়োজন করবে।’ সমস্ত দেশের সঙ্গে পাকিস্তান শান্তি চায় বলেও পাক হাই কমিশনার আব্দুল বাসিত মন্তব্য করেন।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা হামলায় ১৯ সেনা হয়। ওই হামলার নেপথ্যে পাকিস্তানের মদদ থাকার দাবি করা হলেও পাকিস্তান ভারতের ওই দাবি খারিজ করে দেয়। ভারত অবশ্য ওই ঘটনার পাল্টা হিসেবে ২৮ সেপ্টেম্বর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে হামলা বা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে প্রচুর সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে জানায়। কিন্তু পাকিস্তান ওই সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে নাকচ করে দিয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/১৩