আবারো মার্কিন আহ্বান: ‘পাকিস্তানকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i22849-আবারো_মার্কিন_আহ্বান_পাকিস্তানকে_সন্ত্রাসীদের_অনুপ্রবেশ_বন্ধ_করতে_হবে’
‘পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে’ দেশটির প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি গতকাল (বুধবার) এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৪:৫৭ Asia/Dhaka
  • জন কিরবি
    জন কিরবি

‘পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে’ দেশটির প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি গতকাল (বুধবার) এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিরবি বলেন, “আমি কোনোভাবেই একজন স্বীকৃত সন্ত্রাসীর মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছি না।”

তিনি বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি এবং যেকোনো ধরনের সন্ত্রাসীকেই যেন তারা তাদের সীমানায় প্রবেশ করতে না দেয় সে বিষয়ে পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানোও অব্যাহত রেখেছি।”

এর আগেও আমেরিকা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে। গত আগস্টে পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের সময় উপ-মুখপাত্র মার্ক টোনার বলেছিলেন, “পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আমরাও নিশ্চিত যে, সব ধরনের জঙ্গি গোষ্ঠী হবে তাদের লক্ষ্যবস্তু। পাকিস্তানের যেসব প্রতিবেশী দেশে জঙ্গিরা হামলা চালায় সেসব গোষ্ঠীও এই লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে এবং পাকিস্তানকে জঙ্গিদের সব নিরাপদ আশ্রয় বন্ধ করে দিতে হবে।”

মার্ক টোনার বলেছিলেন, “আমরা অবশ্যই বিশ্বাস করি যে, পাকিস্তানের মাটিতে থাকা সব জঙ্গি কার্যক্রমকে মোকাবেলা করতে দেশটির পক্ষে যা করা সম্ভব তার সবই করা প্রয়োজন। আমরা তাদের উন্নতি করতে দেখেছি; আমরা পাকিস্তানের পক্ষ থেকে আরো উন্নতি দেখতে চাই।”

গত সপ্তাহে সংসদের যৌথ অধিবেশনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আইতাজ আহসান বলেছেন “সন্ত্রাসীদের স্বাধীনতা দেয়ার কারণেই পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়েছে।” তার মতে, “জাতীয় কর্ম পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩