ভারতের সঙ্গে পর্দার আড়ালে কোনো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে না: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i22918-ভারতের_সঙ্গে_পর্দার_আড়ালে_কোনো_কূটনৈতিক_তৎপরতা_চালানো_হচ্ছে_না_পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ভারতের সঙ্গে পর্দার আড়ালে কোনো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে না। দু পক্ষের ইচ্ছা অনুযায়ী অতীতে এ ধরণের যোগাযোগ হয়েছিল বলে জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১০:০২ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ
    পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ভারতের সঙ্গে পর্দার আড়ালে কোনো কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে না। দু পক্ষের ইচ্ছা অনুযায়ী অতীতে এ ধরণের যোগাযোগ হয়েছিল বলে জানান তিনি।

পাকিস্তানের ইংরেজি দৈনিক 'এক্সপ্রেস ট্রিবিউন'কে এসব কথা বলেন তিনি। সারতাজ আরো বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধি পশ্চিমা দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তিনি বলেন, পাকিস্তান আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সিএএসএ ১০০০ বিদ্যুৎ সঞ্চালনা লাইন, টিএপিআই গ্যাস পাইপসহ অনেকগুলো প্রকল্প পরিচালনা করছে। এছাড়া, আগামী বছর দেশটি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র স্থায়ী সদস্যপদ লাভ করতে পারে বলে জানান তিনি।

কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের একঘরে হয়ে পড়ার দাবি প্রত্যাখ্যান করেন সারতাজ আজিজ। তিনি দাবি করেন, বৈশ্বিক এবং ভূ-কৌশলগত পর্যায়ে গুরুত্বপূর্ণ ‘পুনঃমেরুকরণ’ ঘটছে। একে কেন্দ্র করে পাকিস্তান কূটনৈতিক ক্ষেত্রে সঠিকভাবে এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাশিয়া ও চীনের ইউরেশিয়া উন্নয়ন, এসসিও তৎপরতা, এশিয় বিনিয়োগ ব্যাংক বা এআইবিসহ এসব তৎপরতা গুরুত্বপূর্ণ পুনঃমেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে জানান তিনি।

আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য এলাকার সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সুসম্পর্ক আছে বলেও জানান সারতাজ আজিজ।#

পার্সটুডে/মূসা রেজা/১৪