রুশ বিমান ভূপাতিত করলে যুদ্ধ এড়ানো সম্ভব হবে না: বিশ্লেষক
-
রুশ যুদ্ধবিমান
ব্রিটিশ রক্ষণশীল দলের এমপি অ্যান্ড্রু মিশেল রাশিয়ার বিমান ভূপাতিত করার যে আহ্বান জানিয়েছেন তার প্রতিক্রিয়ায় দেশটির খ্যাতিমান শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. রডনি শেক্সপিয়ার বলেছেন, এমন পদক্ষেপ নেয়া হলে যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়বে। তিনি পরিষ্কার করে বলেছেন, রুশ বিমান ভূপাতিত করার ঘটনা বিশ্বকে প্রাণঘাতী যুদ্ধের দিকে ঠেলে দেবে।
ব্রিটেনের সাবেক আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল চলতি সপ্তাহে বিবিসি-কে বলেছেন, যদি রুশ বিমান ভূপাতিত করা হয় তাহলে সিরিয়ার সহিংসতা বন্ধ হয়ে যাবে এবং ব্রিটেন ও তার মিত্রদের এ বিষয়টির প্রতি গুরুত্ব দেয়া উচিত। তিনি বলেন, ব্রিটেন ও মিত্র ন্যাটো জোটের উচিত সিরিয়ায় একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করা এবং রুশ বিমান নো-ফ্লাই জোনের সীমা লঙ্ঘন করলে ব্রিটিশ জঙ্গিবিমানগুলোকে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার অনুমতি দেয়া উচিত।
এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শেক্সপিয়ার বলেন, “মধ্যপ্রাচ্যে ব্রিটেন ও আমেরিকা যা করছে তা হচ্ছে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পৃষ্ঠপোষক সৌদি জোটকে সমর্থন দিচ্ছে।” তিনি বলেন, সৌদি আরবকে নিঃশর্ত সমর্থন দেয়ার কারণে ব্রিটিশ সরকার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে এ গোষ্ঠীকেই মূলত সমর্থন দিয়ে চলেছে।
ব্রিটিশ এ বিশ্লেষক প্রেস টিভিকে বলেন, যদি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয় তাহলে ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের স্বাধীন দেশগুলোকে ধ্বংস করতে উদ্যত হবে। তিনি বলেন, শুধু ইরান ও রাশিয়া উগ্র দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে সত্যিকার অর্থে অবস্থান নিয়েছে এবং দেশ দুটি কিছু করতে চায়। কিন্তু রাশিয়ার বিমান ভূপাতিত করা হলে তা যুদ্ধ ডেকে আনবে এবং এটি হচ্ছে ‘মার্কিন ইহুদিবাদী’ এজেন্ডা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪