তুরস্কের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে পারে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i22969-তুরস্কের_কাছে_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_বিক্রি_করতে_পারে_রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার দেশ প্রতিবেশী তুরস্কের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে পারে। দু দেশের মধ্যে নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠার ধারাবাহিকতায় এ চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১৮:৩১ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০
    ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তার দেশ প্রতিবেশী তুরস্কের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে পারে। দু দেশের মধ্যে নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠার ধারাবাহিকতায় এ চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান।

পেসকভ আজ (শুক্রবার) মস্কোয় সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহের প্রথম দিকে ইস্তাম্বুল বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যকার বৈঠকে সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, তুরস্ক চাইলে দেশটির কাছে রাশিয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়টি বিবেচনা করবে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনও একই ধরনের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে মস্কো ও আংকারা আলোচনা চালাচ্ছে।

রাশিয়ার কাছ থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আংকারা চিন্তা করছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তুর্কি মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে তুরস্ক ইতিবাচক ধারণা পোষণ করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪