ঝগড়া মিটমাটের পর মিয়ানদাদ: ‘আফ্রিদি আমার ছোট ভাই’
https://parstoday.ir/bn/news/world-i23110-ঝগড়া_মিটমাটের_পর_মিয়ানদাদ_আফ্রিদি_আমার_ছোট_ভাই’
অভিযোগ পাল্টা অভিযোগ এবং চরম বাগযুদ্ধের এক সপ্তাহের মাথায় ঝগড়া মিটিয়ে ফেলেছেন পাকিস্তানের দুই ক্রিকেট লিজেন্ড শাহিদ আফ্রিদি এবং জাভেদ মিয়ানদাদ। করাচির একটি বাড়িতে এক বন্ধুর উদ্যোগে এ সমঝোতা হয়। ঝগড়া মিটমাটের পর দুজন মিষ্টি খেয়েছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ছবি প্রকাশ করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ১০:০৩ Asia/Dhaka
  • শাহিদ আফ্রিদি ও জাভেদ মিয়ানদাদ (ডানে)
    শাহিদ আফ্রিদি ও জাভেদ মিয়ানদাদ (ডানে)

অভিযোগ পাল্টা অভিযোগ এবং চরম বাগযুদ্ধের এক সপ্তাহের মাথায় ঝগড়া মিটিয়ে ফেলেছেন পাকিস্তানের দুই ক্রিকেট লিজেন্ড শাহিদ আফ্রিদি এবং জাভেদ মিয়ানদাদ। করাচির একটি বাড়িতে এক বন্ধুর উদ্যোগে এ সমঝোতা হয়। ঝগড়া মিটমাটের পর দুজন মিষ্টি খেয়েছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ছবি প্রকাশ করেছে।

গত সপ্তাহে মিয়ানদাদ অভিযোগ করেন, পাতানো খেলার মাধ্যমে শাহিদ আফ্রিদি দেশ বিক্রি করেছেন এবং ১৫ বছর আগে আফ্রিদি ম্যাচ ফিক্সিং করার সময় হাতেনাতে ধরা পড়েন। সে সময় মিয়ানদাদ জাতীয় দলের কোচ ছিলেন।

মিয়ানদাদের এ অভিযোগের পর পাকিস্তান ও আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় ওঠে। আফ্রিদিও মিয়ানদাদকে একহাত নেন। তিনি বলেন, মিয়ানদাদের কাছে সবসময় অর্থ একটি ইস্যু ছিল এবং এটিই তাকে বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ইমরান খান থেকে আলাদা করেছে। জাভেদ মিয়ানদাদের এ বক্তব্যের পর শাহিদ আফ্রিদি তার বিরুদ্ধে মামলা করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন।

এমন সব তিক্ত কথাবার্তার পর গতকাল করাচিতে বন্ধুর বাসায় ঝগড়া মিটমাট করেন দুই লিজেন্ড। পরে মিয়ানদাদ এক ভিডিও বার্তায় বলেছেন, “আফ্রিদি হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো এবং আমি এরইমধ্যে বলেছি যে, আমার পক্ষ থেকে সবকিছু শেষ। উত্তেজনার সময় অনেক কিছু ঘটেছে এবং আমি জানি আফিদ্রি এখনো কিছু বিষয় নিয়ে অসুখী তবে আমি আমার সব কথা ফিরিয়ে নিয়েছি।”

মিয়ানদাদের এ বার্তার পর সাবেক টি-২০ অধিনায়ক আফ্রিদি বলেছেন, জাভেদ মিয়ানদাদের মতো একজন লিজেন্ড তার কথা ফিরিয়ে নিয়েছেন; এখন সবকিছু্ ঠিক হয়ে গেছে। মিয়ানদাদকে উদ্দেশ করে আফ্রিদি বলেন, “আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুশি। আমি কখনই চাইনি আপনি আমাকে স্যরি বলুন। আপনি আপনার কথা ফিরিয়ে নিয়েছেন এবং এটিই আমার ও ভক্তদের জন্য যথেষ্ট। আমি যেসব কথা বলেছি এবং যা আপনাকে কষ্ট দিয়েছে তার সবকিছুর জন্য আমিও দুঃখিত।”#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬