সেনা অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করেছেন পাকিস্তানের স্পিকার
https://parstoday.ir/bn/news/world-i23155-সেনা_অভ্যুত্থানের_সম্ভাবনা_নাকচ_করেছেন_পাকিস্তানের_স্পিকার
চলমান পরিস্থিতিতে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ১৭:৩০ Asia/Dhaka
  • পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক
    পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক

চলমান পরিস্থিতিতে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে।

গতকাল (শনিবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আয়াজ সাদিক বলেন, “সামরিক বাহিনী গণতন্ত্রকে শক্তিশালী করেছে এবং আমি যতদূর জানি, অভ্যুত্থানের কোনো সম্ভাবনা নেই।”

তুরস্কে অনুষ্ঠেয় স্পিকারদের সম্মেলনে কাশ্মিরিদের বিষয়টি তুলবেন বলেও জানিয়েছেন আয়াজ সাদিক। ৫০টি দেশের স্পিকার এ সম্মেলনে যোগ দিচ্ছেন। পাক স্পিকার তার ভাষায় বলেন, “কাশ্মিরিরা ভারতের কাছ থেকে স্বাধীনতা চায়। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার জন্য অধিকৃত কাশ্মিরে ভারতীয় বর্বরতার ভিডিও এবং ছবি নিচ্ছি।”

পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’র ইসলামাবাদ অচল করে দেয়ার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ইমরান খানের চিন্তা করা উচিত- তার এ কাজে কারা ভোগান্তিতে পড়বে।

এদিকে, ফাঁস হওয়া ভিডিও বার্তায় পিটিআই’র ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেছেন, সামরিক ও বেসামরিক সরকারের সম্পর্কের মধ্যে দূরত্ব সাধারণ প্রকৃতির নয়। তিনি দলের কর্মীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় দাবি করেছেন, সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে চলমান সম্পর্ক ১৯৯৯ সালের চেয়ে ভিন্ন কিছু নয়। গতকাল দলের কর্মীদের উদ্দেশ্যে কোরেশির দেয়া এই বক্তব্যের ভিডিও ফাঁস হয়েছে। ইমরান খানের ডাকা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, অস্থির সময়ের আলোকেই লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যাতে তারা দেশকে সঠিক পথে রাখতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬