‘শক্তি প্রদর্শনের’ উদ্দেশ্যে ইংলিশ চ্যানেলে ঢুকছে রুশ পরমাণু রণতরী
-
রুশ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনৎসভ
রাশিয়ার পরমাণু-শক্তিচালিত রণতরী এবং যুদ্ধবিমান বহর নর্থ সি’তে পৌঁছেছে এবং আজ (শুক্রবার) এগুলো ব্রিটেনের পানিসীমায় ঢোকার কথা রয়েছে। মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর ক্রমবর্ধমান টানাপড়েনের মধ্যে এমনটি ঘটতে চলেছে। একে রুশ বাহিনীর ‘শক্তি প্রদর্শন’ বলে ধরে নেয়া হচ্ছে।
রুশ নৌবহরে ফ্ল্যাগশিপ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভ রয়েছে এবং স্থানীয় সময় দুপুরের দিকে এ বহর ইংলিশ চ্যানেল পার হবে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সিরিয়ার আলেপ্পো’র সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য রুশ টাস্কফোর্স ভূমধ্যসাগরে যাবে বলে ধারণা করছেন পাশ্চাত্যের সামরিক বিশ্লেষকরা। জেন’স ডিফেন্স উইকলির সম্পাদক পিটার ফেলস্টিড একে রুশ বাহিনীর শক্তি ও সামর্থ্যের প্রদর্শন হিসেবে অভিহিত করেছেন।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন-কে তিনি বলেন, আলেপ্পোয় বিমান অভিযান চালানোর জন্য রুশ বাহিনী সহজেই সিরিয়ার স্থলঘাঁটিতে মোতায়েন যুদ্ধবিমান ব্যবহার করতে পারতো।
এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, ব্রিটেনের পানিসীমার কাছাকাছি এলে রুশ নৌবহরের প্রতিটি পদক্ষেপের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখা হবে। ব্রিটেনকে নিরাপদ রাখার অঙ্গীকারের ভিত্তিতে এভাবে নজর রাখা হবে বলে জানান তিনি।
রুশ নৌবহরের ওপর নজর রাখার জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ টাইপ-৪৫ ডেস্ট্রয়ার এইচএমএস ডানকান এবং টাইপ-২৩ ফ্রিগেড এইচএমএস রিচমন্ডকে মোতায়েন করেছে ব্রিটিশ নৌবাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/২১