৭ সেনা নিহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i23650-৭_সেনা_নিহত_হওয়ার_দাবি_প্রত্যাখ্যান_করল_পাকিস্তান
কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাত পাকিস্তানি সৈন্যকে হত্যা করার যে দাবি ভারত করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ০৪:০৯ Asia/Dhaka
  • লে. জেনারেল আসিম বাজওয়া
    লে. জেনারেল আসিম বাজওয়া

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাত পাকিস্তানি সৈন্যকে হত্যা করার যে দাবি ভারত করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের সেনা মুখপাত্র লে. জেনারেল আসিম বাজওয়া শুক্রবার টুইটারে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, “আজ দিনের যেকোনো সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো পাকিস্তানে সেনাকে গুলি বা হত্যা করার দাবি সম্পূর্ণ মিথ্যা।”

এর আগে শুক্রবারই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রধান শহর জম্মুর কাছে হিরা নাগরা সীমান্ত নিয়ে বৃহস্পতিবার রাতে একদল পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের  স্নাইপাররা ভারতীয় সীমান্তচৌকি লক্ষ্য করে গুলি চালায়।

বিএসএফের মুখপাত্র শুভেন্দু ভরদ্বাজ জানান, সীমান্তের ওপার থেকে চালানো স্নাইপারের গুলিতে একজন ভারতীয় সেনা গুরুতর আহত হওয়ার পর তার বাহিনী ‘আগ্রাসী হামলা’ চালায়। এতে এক জঙ্গি ও সাত রেঞ্জার্স সদস্য নিহত হয়।

ভারত বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত বলে সেখানকার খবরাখবরের জন্য গণমাধ্যমকে দু’দেশের সেনাবাহিনীর বিবৃতির ওপর নির্ভর করতে হয়। এ কারণে সাত পাকিস্তানি সেনা নিহত হওয়া সম্পর্কে দু’দেশের এই পাল্টাপাল্টি দাবির সত্যতা যাচাই করা আদৌ সম্ভব নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২