রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা: দায়িত্ব স্বীকার করেছে মার্কিন হ্যাকার
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মারিয়া জাখারোভা রোববার এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি একটি রুশ বেতার কেন্দ্রকে এ কথা জানিয়েছেন।
জাখারোভা বলেন,রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলায় কে বা কারা জড়িত ছিল তা বের করার চেষ্টা করছেন রুশ বিশেষজ্ঞরা। এ ছাড়া, ২০১৩ সালের পর থেকে ওয়েবসাইটের বিরুদ্ধে ঘন ঘন সাইবার হামলা হচ্ছে বলেও জানান তিনি।
এ দিকে, জেস্টার নামের এক মার্কিন হ্যাকার অনলাইনে দেয়া বিবৃতিতে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। কম্পিউটার কোড হ্যাক করে ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছে জেস্টার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিষ্ক্রিয় করে দেয়ার দাবিও করেছিল সে।
অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রিয়া নভোস্তি টিভি চ্যানেলকে বলেছে, তাদের ওয়েবসাইট স্বাভাবিকভাবেই কাজ করছে।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে জেস্টার বলেছে, শুক্রবার বড় মাপের সাইবার হামলায় অ্যামাজন থেকে টুইটার পর্যন্ত শত শত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলার সিদ্ধান্ত নেয়া হয়। জেস্টার জানায়, রাশিয়ানরা আমেরিকার গালে টোকা দিয়েছে; তাতে কেমন লাগে তা ওদের চোখে খোঁচা দিয়ে বোঝাতে চেয়েছি।#
পার্সটুডে/মূসা রেজা/২৩