স্পেন থেকে জ্বালানি নেয়ার অনুরোধ প্রত্যাহার করল রুশ রণতরী
-
রুশ রণতরী
স্পেনের সিউটা বন্দর থেকে জ্বালানি নেয়ার জন্য দেশটির কাছে অনুরোধ জানিয়ে আবার প্রত্যাহার করে নিয়েছে রাশিয়ার একটি নৌবহর। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া অভিমুখী রুশ রণতরীগুলো এখন আর সিউটায় ভিড়ছে না।
রাশিয়ার পক্ষ থেকে স্পেনের কাছে অনুরোধ জানানোর পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে রুশ রণতরীগুলোকে জ্বালানি না দেয়ার জন্য মাদ্রিদের ওপর চাপ তৈরি করা হয়। ন্যাটোর পক্ষ থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগও প্রকাশ করা হয়।
এরপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটির নৌবহরের প্রধান বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসভের জন্য জ্বালানি গ্রহণের কোনো অনুরোধ স্পেনের কাছে পাঠানো হয়নি। গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় জ্বালানি রুশ রণতরীগুলোতে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, স্পেনের সঙ্গে থাকা চুক্তি অনুযায়ী রাশিয়া তার জাহাজগুলোকে বাণিজ্যিক কাজে কিংবা মেরামতের জন্য সিউটা বন্দরে পাঠাতে পারে। সিরিয়া যাওয়ার পথে সেই চুক্তিই ব্যবহার করতে চেয়েছিল মস্কো।
গত ১৫ অক্টোবর রাশিয়ার সেভেরোমরস্ক বন্দর থেকে রুশ নৌবহরটি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং গতকাল (বুধবার) এই বহর ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।
সিরিয়ায় চলমান সংঘর্ষকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা সাম্প্রতিক সময়ে তুঙ্গে রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যেকোনো উপায়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়। এ লক্ষ্যে তারা সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে দ্বিধা করছে না।
অন্যদিকে সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের যে চেষ্টা বাশার আসাদ সরকার করছে তাতে সহায়তা দিচ্ছে রাশিয়া। এর আগে মস্কো দু’একটি রণতরী সিরিয়ায় পাঠালেও এবার ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরীসহ বড় আকারের নৌবহর পাঠিয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭