ব্রিটেনের জন্য আরো হুমকি হয়ে উঠছে রাশিয়া: দাবি গোয়েন্দা প্রধানের
-
এমআই৫’এর মহাপরিচালক অ্যান্ড্রু পার্কার
রাশিয়া ব্রিটিনের স্থিতিশীলতার প্রতি ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫’র মহাপরিচালক অ্যান্ড্রু পার্কার এ দাবি করেছেন।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া নিজ আয়ত্তে থাকা অত্যাধুনিক সব হাতিয়ারকে কাজে লাগাচ্ছে। পররাষ্ট্র নীতি বাস্তবায়নে রাশিয়া ক্রমেই আরো আগ্রাসী ভূমিকা গ্রহণ করছে বলে উল্লেখ করেন তিনি।
পার্কার বলেন, প্রচারণা, গোয়েন্দা এবং নাশকতামূলক তৎপরতার পাশাপাশি সাইবার হামলারও আশ্রয় নিচ্ছে মস্কো। গোটা ইউরোপ এবং ব্রিটেন জুড়ে রাশিয়া তৎপর রয়েছে বলে দাবি করে তিনি বলেন, রাশিয়ার এ ধরনের তৎপরতা রুখে দেয়াই এমআই৫’র দায়িত্ব হয়ে উঠেছে।
বৃটিশ গোয়েন্দা প্রধান বলেন, গত কয়েক দশক ধরেই রুশ গোয়েন্দা কর্মকর্তারা ব্রিটেনে গোপন তৎপরতায় নিয়োজিত রয়েছে এবং তারা ব্রিটেনকে গোপন হুমকি দিচ্ছে। কিন্তু আগের চেয়ে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে এবং গোয়েন্দা তৎপরতা চালানোর আরো নানা পদ্ধতি এখন সহজলভ্য হয়ে উঠেছে।
তিনি বলেন, সামরিক, শিল্প প্রকল্প এবং অর্থনীতি বিষয়ক গোপন তথ্য হাতিয়ে নেয়ার লক্ষ্যে মস্কো সাইবার হামলা চালাচ্ছে। অবশ্য রাশিয়াকে ঠেকাতে এমআই৫ কি ধরণের পাল্টা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে সে বিষয়ে কোনো আভাসই দেন নি শীর্ষস্থানীয় এই ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা।#
পার্সটুডে/মূসা রেজা/১