আমেরিকার প্রতি রাশিয়া: সাইবার হামলা সংক্রান্ত খবরের ব্যাখ্যা দিতে হবে
মার্কিন সামরিক বাহিনীর হ্যাকাররা রাশিয়ার রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোরগুলোর ভেতরে অবস্থান নিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে মস্কো তার ব্যাখ্যা দাবি করেছে। মার্কিন চ্যানেল এনবিসি নিউজ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভ এ ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রকাশিত খবরের বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখায় তবে বুঝতে হবে রাষ্ট্র পরিচালিত সাইবার সন্ত্রাসবাদের নীতি আমেরিকা অনুসরণ করছে। এ ছাড়া, প্রকাশিত খবরে যে সাইবার হামলার হুমকির কথা বলা হয়েছ তা যদি সত্যিই আমেরিকা বাস্তবায়িত করে তবে ওয়াশিংনের বিরুদ্ধে হামলার ন্যায় সঙ্গত অধিকারও মস্কো লাভ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনবিসির খবরে দাবি করা হয়েছে, মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যদি মস্কো ‘ভণ্ডুল’ করার চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনীর হ্যাকাররা রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো অচল করে দিয়ে দেশটিতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।
খবরে আরো বলা হয়েছে, রাশিয়ার বিদ্যুৎ গ্রিড, টেলিকম্যুনিকেশন নেটওয়ার্ক এবং ক্রেমলিনের কমান্ড সিস্টেমের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে ফেলতে পেরেছে মার্কিন সাইবার দস্যুরা। প্রয়োজনে চূড়ান্ত সাইবার হামলা চালিয়ে রাশিয়ায় ব্যাপক বিপর্যয় সৃষ্টির লক্ষ্যে এখন ওত পেতে বসে আছে তারা । মার্কিন অতি গোপন দলিলপত্র এবং শীর্ষ স্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনবিসি।#
পার্সটুডে/মূসা রেজা/৫