ইরান-সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: রাশিয়া
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা
সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান, ইরাক ও সিরিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে মস্কো। এর পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল এই ধারা অব্যাহত রাখবে রাশিয়া।
জাখারোভা শনিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে তথ্য বিনিময়ের জন্য বাগদাদে যে চতুর্পক্ষীয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে তা সম্পূর্ণ সফল এবং সব পক্ষ এ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। চতুর্পক্ষীয় কেন্দ্রের সদস্যরা এখন দ্বিপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করেছে বলেও জানান তিনি।
রুশ মুখপাত্র বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য বিশেষ করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযানের জন্য এক বছর আগে এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় যেখানে সব পক্ষ তথ্য ও মতবিনিময় করে থাকে।
সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগ্রহী যেকোনো দেশ এ কেন্দ্রে যোগ দিয়ে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে অবদান রাখতে পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০