ভয়াবহ ভূমিকম্পের পর চিকিৎসা সহায়তা চেয়েছে ইন্দোনেশিয়া
https://parstoday.ir/bn/news/world-i27736-ভয়াবহ_ভূমিকম্পের_পর_চিকিৎসা_সহায়তা_চেয়েছে_ইন্দোনেশিয়া
ভয়াবহ ভূমিকম্পের পর জরুরি চিকিৎসা সেবার জন্য সহায়তা চেয়েছে ইন্দোনেশিয়ার সরকার। গতকাল (বুধবার) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে সংঘটিত ভূমিকম্পে ৯৯ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৬ ১১:৪৭ Asia/Dhaka
  • গতকালের ভূমিকম্পের ছবি
    গতকালের ভূমিকম্পের ছবি

ভয়াবহ ভূমিকম্পের পর জরুরি চিকিৎসা সেবার জন্য সহায়তা চেয়েছে ইন্দোনেশিয়ার সরকার। গতকাল (বুধবার) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে সংঘটিত ভূমিকম্পে ৯৯ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে।

আচেহ প্রদেশের পিদিয়ে জায়া উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে এবং ৬.৫ মাত্রার এ ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয়। আচেহ প্রদেশের দুর্যোগ মোকাবেলা বিভাগের  সর্বশেষ হিসাব অনুযায়ী- ভূমিকম্পে ৯৯ জন নিহত ও ৭০০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের বেশিরভাগেরই অবস্থা আশংকাজনক। মর্মান্তিক এ ঘটনায় আট হাজারের বেশি মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে।

পিদিয়ে জায়া জেলার উপ প্রধান সাঈদ মুলইয়াদি জানিয়েছেন, ভূমিকম্পে আহতদের অনেকেরই হাত-পা ভেঙে গেছে। সে কারণে তাদের চিকিৎসার জন্য সার্জন ও অর্থপেডিক বিভাগের লোক দরকার। তিনি জানান, ভূমিকম্পে প্রদেশের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোও মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।

গতকাল ভোরের ভূমিকম্পে শত শত ঘর-বাড়ি,  দোকান-পাট, স্কুল-কলেজ ও কয়েকটি মসজিদ ধ্বংস হয়েছে। বিধ্বস্ত ভবনের নিচে এখনো অনেকে আটকা পড়ে রয়েছে। সে কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।# 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮