পাকিস্তানকে টুকরা টুকরা করার বক্তব্যকে ‘পাগলের স্বপ্ন’ বললেন চৌধুরী নিসার
পাকিস্তানের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণমন্ত্রী চৌধুরী নিসার আলী খান দেশটি ভাঙ্গার বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনাথ সিংয়ের বক্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন বক্তব্যকে ‘পাগলের স্বপ্ন’ বলে অভিহিত করে তিনি বলেন, কখনোই তা বাস্তবায়িত হবে না।
রোববার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দেয়া বক্তব্যে পাকিস্তান ১০ টুকরা হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রাজনাথ সিং। এ ছাড়া, ভারতকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা পাকিস্তান চালাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।
জবাবে চৌধুরী নিসার পাল্টা দাবি করেন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করার চেষ্টা আর কারো করতে হবে না। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ধর্মীয় উগ্রবাদ, বিভক্তি, ঘৃণা এবং সহিংসতাকে পুঁজি করে পরিচালিত ভারতীয় দল এবং সরকার কি করে পাকিস্তানের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ করছে সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরো দাবি করেন, বিজেপি সরকারের শাসনামলে ভারতের সব সংখ্যালঘু মহা বিপদের মুখে রয়েছে এবং তারা ভীত সন্ত্রস্ত জীবন-যাপন করছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪