‘আজাদ’ কাশ্মিরে স্কুলের গাড়িতে গোলার আঘাত: ১০ শিশু আহত, চালক নিহত
https://parstoday.ir/bn/news/world-i28423-আজাদ’_কাশ্মিরে_স্কুলের_গাড়িতে_গোলার_আঘাত_১০_শিশু_আহত_চালক_নিহত
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে স্কুলের একটি গাড়ি লক্ষ্য করে চালানো ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে অন্তত ১০ শিশু আহত এবং গাড়ি চালক নিহত হয়েছে। আহত শিশুদের বয়স আট থেকে ১৫ বলে জাাননো হয়েছে এবং আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৬ ১৪:৫৩ Asia/Dhaka
  • ‘আজাদ’ কাশ্মিরে স্কুলের গাড়িতে গোলার আঘাত: ১০ শিশু আহত, চালক নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে স্কুলের একটি গাড়ি লক্ষ্য করে চালানো ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে অন্তত ১০ শিশু আহত এবং গাড়ি চালক নিহত হয়েছে। আহত শিশুদের বয়স আট থেকে ১৫ বলে জাাননো হয়েছে এবং আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তের কাছে আজ(শুক্রবার) এ ঘটনা ঘটেছে বলে দেশটির ইংরেজি দৈনিক ডন জানিয়েছে।

কোটলি জেলার নাকিয়াল সেক্টরে গাড়িতে ২০ জন ছাত্রকে নিয়ে যাওয়ার পথে গোলার শিকার হয়ে গাড়ি চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।  পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর কাশ্মির সীমান্তে গুলিতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

প্রায় দুসপ্তাহ শান্ত থাকার পর কাশ্মির সীমান্তে আবারো আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটল।

এদিকে, ভারতের উপ হাইকমিশনারকে আজ ইসলামাবাদের পররাষ্ট্র দফতরের তলব করে এ ঘটনার কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় দূতকে তলব করেছিলেন পাক পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া এবং সার্ক বিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ ফয়সাল। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৬