আসাদ, ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সমঝোতা হয়েছে: পুতিন
-
মস্কোয় চলতি ইংরেজি বছরের শেষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৈঠকে বসতে সম্মত হয়েছেন। শুক্রবার চলতি ইংরেজি বছরে নিজের শেষ সংবাদ সম্মেলনে পুতিন একথা জানিয়ে বলেন, চতুর্পক্ষীয় এ বৈঠক জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাজাকিস্তানের রাজধানী আস্তানা’য় অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বিষয়টি নিয়ে কাজাকিস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবাইয়েভ টেলিফোনে ভ্লাদিমির পুতিনের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলাপ করেন বলে রুশ গণমাধ্যম জানিয়েছে।
এর আগে পুতিন এ দাবির সত্যতা অস্বীকার করেছিলেন যে, জাতিসংঘের উদ্যোগে জেনেভায় সিরিয়া বিষয়ক যে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে প্রভাবিত করার উদ্দেশ্যে আস্তানা বৈঠকের আয়োজন করা হচ্ছে।
শুক্রবার মস্কোর সংবাদ সম্মেলনে পুতিন আরো বলেন, রাশিয়া, ইরান ও তুরস্কের সহযোগিতা এবং প্রেসিডেন্ট বাশার আসাদের ইচ্ছা না থাকলে আলেপ্পো থেকে কখনোই জঙ্গিরা বেরিয়ে যেতে পারত না। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে আলেপ্পো পুনর্দখলকে তিনি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, অচিরেই শুধু সিরিয়ায় নয় সেইসঙ্গে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪