‘সিরিয়ায় রাশিয়ার সঙ্গে যৌথ কোনো অভিযান তুরস্ক চালাচ্ছে না’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে রাশিয়ার সঙ্গে যৌথ কোনো সামরিক অভিযানে জড়িত নয়।
‘এ হারবার’ টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আজ(বৃহস্পতিবার) এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আলেপ্পোর ৪০ কিলোমিটার উত্তরের আল-বাব শহরে এ ধরণের কোনো সামরিক অভিযান চলছে না।
অবশ্য তিনি জানান, সিরিয়ায় চলতি বছর শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মস্কোর সঙ্গে কাজ করছে আঙ্কারা। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে এ সংক্রান্ত চুক্তির প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তুরস্ক। সব কিছু ঠিক থাকলে এ চুক্তি করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সিরিয়া সরকারের বিষয়ে গ্যারান্টি দেবে রাশিয়া।
এ ছাড়া, কুর্দি গেরিলাদের অস্ত্র যোগানোর জন্য আমেরিকার সমালোচনা করেন তিনি। তিনি অভিযোগ করেন একটি সুনির্দিষ্ট সময় থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট তুর্কি সেনাবাহিনীর ‘ফোরাতের ঢাল’ নামের অভিযানে আকাশ পথে কোনো সহায়তা দিচ্ছে না। এ ছাড়া কুর্দি প্রধান দুই গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি এবং পিওয়াইডি’কে আমেরিকা অস্ত্র দিচ্ছে বলেও জানান তিনি।
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রধান সহায়তাকারীদের অন্যতম তুরস্ক। এ ছাড়া, সিরিয়ায় তৎপর তাকফিরিদের প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে দেশটিতে ঢুকতে সহায়তা করেছেও বলে তুরস্কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অবশ্য সম্প্রতি তুরস্কের ভেতর ধারাবাহিক বোমা হামলা হয়েছে। এ সব বোমা হামলা চালানোর দাবি তাকফিরিরা করার পর রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করেছে তুরস্ক। তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে সর্বাত্মক সহায়তা করছে রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/২৯