‘সিরিয়া যুদ্ধবিরতি’ অনুমোদনের জন্য জাতিসংঘের প্রতি রাশিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i29656-সিরিয়া_যুদ্ধবিরতি’_অনুমোদনের_জন্য_জাতিসংঘের_প্রতি_রাশিয়ার_আহ্বান
তিন দেশের উদ্যোগে সিরিয়ায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি অনুমোদন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো, আঙ্কারা ও দামেস্কের উদ্যোগে সম্প্রতি সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংঘর্ষরত পক্ষগুলো। অবশ্য দায়েশ ও আন্ নুসরা ফ্রন্টের মতো উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৪:১৫ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন

তিন দেশের উদ্যোগে সিরিয়ায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি অনুমোদন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো, আঙ্কারা ও দামেস্কের উদ্যোগে সম্প্রতি সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংঘর্ষরত পক্ষগুলো। অবশ্য দায়েশ ও আন্ নুসরা ফ্রন্টের মতো উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে যুদ্ধবিরতির বাইরে রাখা হয়েছে।

এ যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব এনেছে রাশিয়া। শুক্রবার প্রস্তাবটির ওপর আলোচনা হয়েছে। আজ (শনিবার) রাতে এটির ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন শুক্রবার বলেছেন, শনিবার সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাস হয়ে যাবে বলে তিনি আশা করছেন। 

রাশিয়ার প্রস্তাবে সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে তাতে আগামী মাসে সরাসরি শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে দু’পক্ষ।  কাজাখস্তানের রাজধানী আস্তানায় জানুয়ারি মাসের শেষদিকে ওই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনের পাশাপাশি উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের অবসান ঘটানোর লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে সহযোগিতা শক্তিশালী করেছে তুরস্ক।  তুর্কি সরকার ওয়াশিংটনের কাছ থেকে দূরে সরে গিয়ে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকে মনে করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১