পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i30028-পাকিস্তানে_সার্জিক্যাল_স্ট্রাইকের_হুমকি_দিলেন_ভারতীয়_সেনাপ্রধান
পাকিস্তানের ভেতরে নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি তার ভাষায় বলেছেন, পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে কিছু বার্তা দেয়া হয়েছে। এর মাধ্যমে এমন কিছু বার্তা দেয়া হয়েছে যা প্রয়োজনীয় ছিল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ২৩:১০ Asia/Dhaka
  • ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত
    ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

পাকিস্তানের ভেতরে নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি তার ভাষায় বলেছেন, পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে কিছু বার্তা দেয়া হয়েছে। এর মাধ্যমে এমন কিছু বার্তা দেয়া হয়েছে যা প্রয়োজনীয় ছিল।

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেয়া সাক্ষাৎকারে জেনারেল বিপিন এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের আরো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, “যদি সীমান্তে সন্ত্রাসী ঘাঁটির তৎপরতা থাকে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে।”

সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান সীমান্তে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে নতুন পরিকল্পনা ও কৌশলের ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেন, “সার্জিক্যাল স্ট্রাইক ছিল এ ধরনের একটি ব্যবস্থা। আমরা আরো কিছু পদ্ধতি নিয়ে কাজ করছি।”  

প্রয়োজন হলে  ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পেশি শক্তি দেখাতে মোটেই কুণ্ঠাবোধ করবে না বলে মন্তব্য করার একদিন পর জেনারেল বিপিন মঙ্গলবার নতুন করে এসব কথা বললেন। তিনি সম্প্রতি ১৩ লাখ সেনার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪