আমার পক্ষে ‘অলৌকিক ঘটনা’ ঘটানো সম্ভব নয়: গুতেরেস
https://parstoday.ir/bn/news/world-i30034-আমার_পক্ষে_অলৌকিক_ঘটনা’_ঘটানো_সম্ভব_নয়_গুতেরেস
জাতিসংঘের নয়া মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, তার পক্ষে ‘অলৌকিক কোনো ঘটনা’ ঘটানো সম্ভব নয়। জাতিসংঘ বর্তমানে বহু চ্যালেঞ্জের সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ০৪:২৮ Asia/Dhaka
  • জাতিসংঘের নয়া মহাসচিব আন্তোনিও গুতেরেস
    জাতিসংঘের নয়া মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের নয়া মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, তার পক্ষে ‘অলৌকিক কোনো ঘটনা’ ঘটানো সম্ভব নয়। জাতিসংঘ বর্তমানে বহু চ্যালেঞ্জের সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেছেন।

মহাসচিব হিসেবে প্রথম আনুষ্ঠানিক দায়িত্ব পালনের আগে মঙ্গলবার এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।  গত ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে বান কি মুনের স্থলাভিষিক্ত হন অ্যান্তোনিও গুতেরেস।

তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বলেন, বিশ্বব্যাপী বহু জটিল সংকট নিয়ে কাজ করতে হচ্ছে তার সংস্থাকে।  এসব সংকটের ব্যাপারে ‘দিবাস্বপ্ন’ দেখা কিংবা অলৌকিক কিছু ঘটানোর আশা করা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।

গুতেরেস বলেন, বিশ্বের সর্বত্র সংঘর্ষ চলছে এবং এসব সংঘর্ষের একটির সঙ্গে আরেকটির যোগসূত্র রয়েছে।  আর এ কারণেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন করা যাচ্ছে না।  জাতিসংঘের নয়া মহাসচিব বলেন, তার সংস্থা কোথাও কোথাও কিছু মানুষের ব্যাথা উপশম করতে পারলেও সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

এই ব্যর্থটা কাটিয়ে উঠতে হলে ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পেতে হবে বলে তিনি মন্তব্য করেন।

গত বছরের ১৩ অক্টোবর পাঁচ বছরের জন্য জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হন অ্যান্তোনিও গুতেরেস। তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া, ২০০৫ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪