‘সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের জন্য আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা দায়ী’
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বিমান ঘাঁটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারের ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইহুদিবাদী সরকারের এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য মার্কিন সরকার ও তার আঞ্চলিক মিত্ররা দায়ী।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি ওলোফ স্কুগের কাছে পাঠানো আলাদা দু’টি চিঠিতে এ অভিযোগ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার ভোর রাতে দামেস্ক থেকে আট কিলোমিটার দূরে মাজ্জেহ সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সিরিয়ার সরকারি টিভির খবরে বলা হয়েছে, ইসরাইলের উত্তর সীমান্ত থেকে বিমান ঘাঁটিটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।এসব হামলায় আটটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কেউ হতাহত হয়নি।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দেয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল বহুবার সিরিয়ায় এ ধরনের আগ্রাসী হামলা চালিয়েছে।
চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলো সিরিয়ার চলমান সংঘাতের পরিকল্পনা করেছে এবং এ কাজে ইন্ধন যুগিয়েছে সৌদি আরব, কাতার ও তুরস্কসহ আরো কিছু আঞ্চলিক দেশ।
এর আগে সিরিয়ার সেনাবাহিনী শুকবার এক বিবৃতিতে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছিল, এ ধরনের হামলা চালিয়ে সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিদের বিরুদ্ধে দামেস্কের সামরিক অভিযান বন্ধ করা যাবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪