তুর্কি হামলায় সিরিয়ার ২৫০ বেসামরিক নাগরিক নিহত
-
তুর্কি বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গি বিমান
সিরিয়ায় গত দুই মাসে তুর্কি হামলায় প্রায় আড়াইশ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটেন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের তাদিফ, বাজাআ এবং আল-বাব শহরে গত দুই মাসের তুর্কি হামলায় অন্তত ২৪৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ৫৪টি শিশু এবং ২৯ জন নারী রয়েছে।
অবজারভেটরি আরো জানিয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ে তুর্কি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ১,১০০ সিরিয় নাগরিক আহত হয়েছে। এদের অনেকে শরীরের কোনো না কোনো অঙ্গ হারিয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে। এর মধ্যে আল-বাব শহরে শুধুমাত্র গত ২১ ডিসেম্বরের তুর্কি বিমান হামলায় নয় নারী ও ১৪ শিশুসহ অন্তত ৪৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়।
সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হামলার অজুহাতে তুরস্ক গত বছরের গ্রীষ্মে সিরিয়ার অভ্যন্তরে সেনা পাঠায়। সিরিয়া সরকার এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশটিতে সেনা পাঠায়নি তুরস্ক; বরং দায়েশের পরিবর্তে অন্য কোনো জঙ্গি গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আঙ্কারার মূল লক্ষ্য।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬