মস্কোর আফগান বৈঠকে আমন্ত্রণ পেল পাকিস্তান-ভারত, বাদ আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i32593-মস্কোর_আফগান_বৈঠকে_আমন্ত্রণ_পেল_পাকিস্তান_ভারত_বাদ_আমেরিকা
রাশিয়া এবং চীনের যৌথ নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান সংক্রান্ত ছয় জাতিগোষ্ঠীর বৈঠকে নজিরবিহীন ভাবে চির প্রতিদ্বন্দ্ধি দুই দেশ পাকিস্তান এবং ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি মাসে মস্কোয় অনুষ্ঠেয় এ বৈঠকে আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০১৭ ১১:৫৬ Asia/Dhaka
  • মস্কোর আফগান বৈঠকে আমন্ত্রণ পেল পাকিস্তান-ভারত, বাদ আমেরিকা

রাশিয়া এবং চীনের যৌথ নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান সংক্রান্ত ছয় জাতিগোষ্ঠীর বৈঠকে নজিরবিহীন ভাবে চির প্রতিদ্বন্দ্ধি দুই দেশ পাকিস্তান এবং ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি মাসে মস্কোয় অনুষ্ঠেয় এ বৈঠকে আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয় নি।

চলতি মাসের মাঝামাঝি অনুষ্ঠেয় বৈঠকে ইরান এবং আফগানিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তার আফগান সমকক্ষ সালাউদ্দিন রাব্বানির সঙ্গে বৈঠকের পর এ আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম।

বৈঠকে আফগান তালেবান এবং কাবুল সরকারের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আলোচনা হবে। এ বৈঠকে এই প্রথম ভারতকে আমন্ত্রণ জানানো হলো। আফগানিস্তানের বিষয়ে ভারতের ভূমিকার কঠোর বিরোধী ছিল পাকিস্তান। পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে আফগানিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত বলে ধারণা করছে ইসলামাবাদ। এ আশংকা থেকে আফগান সংক্রান্ত আলোচনায় ভারতের অংশ গ্রহণের বিরোধিতা করে আসছে ইসলামাবাদ।

আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও আমেরিকাকে আমন্ত্রণ করা থেকে বিরত থেকেছে চীন ও রাশিয়া। এতে ধারণা করা হচ্ছে উভয় দেশই আফগান সংকট স্থানীয় ভাবে সমাধান করতে চাইছে।

অবশ্য মার্কিন নতুন প্রশাসন আফগান সংক্রান্ত নীতি ঘোষণার পর ছয় জাতিগোষ্ঠীর এ বৈঠকে যোগ দিতে পারে বলে শীর্ষস্থানীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আফগানিস্তান সংক্রান্ত নীতি ঘোষণা করেন নি।#

পার্সটুডে/মূসা রেজা/৮