‘সম্পর্ক নিয়ে মার্কিন সরকারের ভূমিকা দেখার অপেক্ষায় রাশিয়া’
-
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে আমেরিকার নতুন প্রশাসন কী ধরনের নীতি গ্রহণ করে তা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে মস্কো। এ কথা বলেছেন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্প থেকে নানা রকম কথা শুনছি। এসব বক্তব্য অনুসারে ওয়াশিংটন কী ভূমিকা নেয় তা দেখার জন্য আমরা পূর্ণ ধৈর্য নিয়ে অপেক্ষা করছি যাতে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ধরণ বুঝতে পারি।”
মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার পর ক্রেমলিনের মুখপাত্র সংবাদ সম্মেলনে এসব কথা বললেন। ট্রাম্প তার বক্তৃতায় যদিও কোনো দেশের নাম উল্লেখ করেন নি তবে দৃশ্যত রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন। কংগ্রেসকে ট্রাম্প বলেছেন, “আমেরিকা নতুন বন্ধু খুঁজে বের করতে আগ্রহী এবং নতুন অংশীদারিত্বের ভিত্তিতে দৃঢ়্ভাবে সামনে এগুতে চায়।” তবে ট্রাম্পের এসব কথার পরও রুশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত সম্পর্ক কী হবে তা এখনো পরিষ্কার নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১