এলপিজি আমদানিতে ইন্দোনেশিয়া: ইরান থেকে বাড়ছে, সৌদি থেকে কমছে
-
ফাইল ফটো
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক উইরাতমাজা পুজা এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আশা করছি আমরা ইরান থেকে গ্যাস আমদানি বাড়াব এবং যদি সম্ভব হয় তাহলে তা হবে কম মূল্যে।”
ইন্দোনেশিয়ার গণমাধ্যম বলছে, ফেব্রুয়ারি মাসে সে দেশের মুখ্য অর্থমন্ত্রী দারমিন নাসুতিয়ন্স ইরান সফর করার পর জাকার্তা সরকার এ পরিকল্পনা নিয়েছে।
ইউরাতমাজা জানান, তার দেশ ইরান থেকে এলপিজি কেনা দ্বিগুণ করার চিন্তা করছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ইরান থেকে ইন্দোনেশিয়া এলপিজি আমদানির পরিমাণ পাঁচ লাখ টন হতে বাড়িয়ে দশ লাখ টন করবে। তবে ইরান কতটা দাম কমায় তার ওপর অনেক কিছু নির্ভর করছে বলে ইন্দোনেশিয়ার এ কর্মকর্তা জানান।
তিনি আরো বলেন, ইরান হতে এলপিজি আমদানি বাড়ানো হলে তা সৌদি আরবের আরামকো কোম্পানি থেকে শুরু করে অনেক দেশের ওপর প্রভাব পড়বে। উইরাতমাজা জানান, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের ইন্দোনেশিয়া সফরের সময় আরামকো বিষয়টি আলোচনায় এনেছে। তবে আরামকো ঠিক কী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা জানান নি উইরাতমাজা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬