‘ইয়েমেনের ব্যাপারে লজ্জাজনক নীরবতা পালন করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ’
https://parstoday.ir/bn/news/world-i35128-ইয়েমেনের_ব্যাপারে_লজ্জাজনক_নীরবতা_পালন_করছে_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদ’
ইয়েমেনে মানবিক বিপর্যয়ের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্লিপ্ততার সমালোচনা করেছেন এই সংস্থার মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ইয়ান ইগল্যান্ড। তিনি রোববার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা পরিষদ ইয়েমেন পরিস্থিতির ব্যাপারে লজ্জাজনক নীরবতা পালন করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০১৭ ০২:৫৩ Asia/Dhaka
  • ‘ইয়েমেনের ব্যাপারে লজ্জাজনক নীরবতা পালন করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ’

ইয়েমেনে মানবিক বিপর্যয়ের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্লিপ্ততার সমালোচনা করেছেন এই সংস্থার মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ইয়ান ইগল্যান্ড। তিনি রোববার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা পরিষদ ইয়েমেন পরিস্থিতির ব্যাপারে লজ্জাজনক নীরবতা পালন করছে।

তিনি বলেন, নিরাপত্তা পরিষদ এমন সময় ইয়েমেন পরিস্থিতিকে উপেক্ষা করছে যখন দেশটির শিশুরা নির্বিচারে প্রাণ হারাচ্ছে। সেইসঙ্গে কিছু দেশ ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়া এবং রাজনৈতিক উপায়ে দেশটির সমসম্যা সমাধানের পরিবর্তে ইয়েমেন যুদ্ধকে উস্কে দিচ্ছে।

ইয়ান ইগল্যান্ড আরো বলেন, অব্যাহত অবরোধ ও ক্ষুধা ইয়েমেনের জনগণের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। সৌদি আরবের চাপিয়ে দেয়া অবরোধের কারণে ইয়েমেনের জনগণের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের চলমান বিমান হামলা দেশটির জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

ইয়েমেনে সৌদি হামলার একটি দৃশ্য (ফাইল ছবি)

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে সৌদি আরব। তখন থেকে গত দুই বছর ধরে দেশটিতে পাশবিক হামলা চালিয়ে অন্তত ১১,০০০ মানুষকে হত্যা করেছে রিয়াদ। সেইসঙ্গে এসব হামলায় ইয়েমেনের অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।  

দেশটির পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানো এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে এ হামলা চালাচ্ছে সৌদি আরব। কিন্তু গত দুই বছরে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারেনি রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭